দাগনভূঞা বন অফিস জরাজীর্ণ, ৫০ শতক জমির প্রস্তাবেও সমাধান নেই

ফেনীর দাগনভূঞা সামাজিক বন বিভাগের জরাজীর্ণ রেঞ্জ কার্যালয় ভবন।
ফেনীর দাগনভূঞা সামাজিক বন বিভাগের জরাজীর্ণ রেঞ্জ কার্যালয় ভবন।

ফেনী প্রতিনিধি :​ ফেনীর দাগনভূঞা উপজেলায় সামাজিক বন বিভাগের দাগনভূঞা রেঞ্জ কার্যালয়টি চরম জরাজীর্ণ ও পরিত্যক্তসদৃশ অবস্থায় রয়েছে। ১৯৯০ সাল থেকে এই স্থাপনায় অফিসের কার্যক্রম শুরু হলেও দীর্ঘ সময়ে এর অবকাঠামোগত বা স্থায়ী সমাধান হয়নি। বন বিভাগের নিজস্ব জায়গা ও নিজস্ব ভবন না থাকা এবং ৫০ শতক জায়গার প্রস্তাব দেওয়া সত্ত্বেও কার্যকর কোনো সুফল না পাওয়ায় ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর নিজ উপজেলায় বন বিভাগের মাঠপর্যায়ের এমন বেহাল দশা অবকাঠামো ও রক্ষণাবেক্ষণের বাস্তবতাকে সামনে এনেছে।
​সরেজমিনে দেখা যায়, দাগনভূঞা রেঞ্জ (সামাজিক বন বিভাগ, ফেনী) কার্যালয় ভবনের দেয়ালে ড্যাম্প ও পলেস্তারা খসে পড়ার চিহ্ন রয়েছে, ছাউনি ও কাঠামো ভঙ্গুর এবং চারপাশে ঝোপঝাড় ও জঞ্জাল জমে আছে। ভবনের সার্বিক অবস্থার কারণে বাইরে থেকে এটিকে একটি সক্রিয় সরকারি কার্যালয় হিসেবে সহজে চেনা যায় না।
​অফিসের ভেতরে স্টিলের আলমারির ওপর, কাঠের তাক ও চেয়ারে বিপুল পরিমাণ ফাইলপত্র স্তূপ করে রাখা হয়েছে। দাগনভূঞা রেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ১৯৯০ সাল থেকে এই স্থাপনায় কার্যক্রম চললেও ভবনটি বর্তমানে একরকম পরিত্যক্ত অবস্থায় আছে; এখানে বসার বা অফিস করার মতো পরিবেশ নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, অফিসে অবস্থানকালে মশার উপদ্রব থেকে বাঁচতে দিনের বেলাও কয়েল জ্বালিয়ে রাখতে হয়। বর্ষা মৌসুমে পানি ঝরে এবং ভারী বৃষ্টি হলে বারান্দা ও ভেতরে পানি ঢুকে পড়ে, ফলে গুরুত্বপূর্ণ ফাইলপত্র নিরাপদে রাখা কঠিন হয়ে ওঠে। এছাড়া সাপ-গুঁইসাপসহ বিষাক্ত প্রাণীর ভয় ও আতঙ্কের মধ্যে থাকতে হয়, এবং ভবনের অবস্থার কারণে অনেক মানুষ এসে এটি যে অফিস বা এখানে লোকজন আছে, তা বুঝতে পারেন না।
​উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা আরও জানান, বন বিভাগের নিজস্ব ৫০ শতক জায়গার জন্য প্রস্তাব দেওয়া হলেও দীর্ঘদিনেও এর কোনো কার্যকর সুফল দাগনভূঞাবাসী পায়নি।
​এ বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা বিভাগীয় বন কর্মকর্তা (উপ বন সংরক্ষক) মোহাম্মদ রুহুল আমিন জানান, ফেনীর দাগনভূঞা উপজেলায় বন বিভাগের নিজস্ব ভবন নেই। দীর্ঘদিন ধরে নিজস্ব জায়গা ও স্থাপনা না থাকার বাস্তবতায় ১৯৯০ সাল থেকে চলে আসা এই পুরনো ও সীমিত অবকাঠামোর ওপর নির্ভর করেই কাজ চালাতে হচ্ছে, যার প্রভাব পড়ছে ভবনের পরিবেশ ও নথিপত্র সংরক্ষণে।
​দীর্ঘদিন ধরে নিজস্ব জায়গা ও উপযুক্ত অবকাঠামো না থাকায় একদিকে যেমন দাপ্তরিক কাজ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ঝুঁকির মুখে রয়েছে, তেমনি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও সেবাগ্রহীতাদের ভোগান্তিও বাড়ছে। প্রস্তাবিত ৫০ শতক জায়গা দ্রুত বরাদ্দ দিয়ে একটি নিরাপদ ও স্থায়ী কার্যালয় নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।