মুক্তমন রিপোর্ট : পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক ‘দার-ই-নিজাত’র শেষ পর্ব প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে দেখানোর আয়োজন করা হচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সিয়াসাতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রেক্ষাগৃহে প্রদর্শনীর এক দিন পরই শেষ পর্বটি ইউটিউবে প্রকাশ করা হবে। ‘টপ পাকিস্তানি ড্রামাস’ নামের ইউটিউব চ্যানেলে এটি দেখা যাবে। ফলে পাকিস্তানের বাইরের দর্শকেরাও অনলাইনে ধারাবাহিকটির সমাপ্তি দেখতে পারবেন।
শেহরিয়ার মুনাওয়ার ও দুরে ফিশান সেলিম অভিনীত ‘দার-ই-নিজাত’ চলতি বছরের অন্যতম আলোচিত পাকিস্তানি ধারাবাহিকে পরিণত হয়েছে। এতে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার এবং জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরে ফিশান। বাংলাদেশ, ভারতসহ মধ্যপ্রাচ্যের দর্শকদের মধ্যেও ধারাবাহিকটি জনপ্রিয়তা পেয়েছে।
এ পর্যন্ত প্রচারিত হয়েছে ধারাবাহিকটির ৩৪টি পর্ব। শুরুতে ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা থাকলেও দর্শকদের সাড়ায় তা বাড়িয়ে ৪২ পর্ব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সেই হিসাবে এখনো আটটি পর্ব প্রচার বাকি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ বা ২৬ ডিসেম্বর প্রচারিত হতে পারে শেষ পর্ব। তবে এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
Muktomon/TA