হুথিদের নিয়ে ইসরায়েলের দ্বারস্থ সৌদি আরব

হুথিদের মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চাইছে সৌদি আরব
হুথিদের মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চাইছে সৌদি আরব

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মোকাবিলায় ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। এ যোগাযোগে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড সেন্টকম (CENTCOM)

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অজ্ঞাতনামা কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম

প্রতিবেদন অনুযায়ী, হুথিদের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই সৌদি আরবের যোগাযোগের অন্যতম উদ্দেশ্য। এসব তথ্যের ভিত্তিতে হুথিদের হামলা থেকে সৌদি ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় কৌশল নির্ধারণ করতে চায় রিয়াদ।

ইসরায়েল হায়োম জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুথি মোকাবিলায় সেন্টকমের সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়টিও এ সহযোগিতার আওতায় রাখার অনুরোধ করেছেন তিনি।

ইসরায়েলের পাশাপাশি মিসর এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য আরব দেশের কাছ থেকেও একই ধরনের সহায়তা চেয়েছে সৌদি আরব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সৌদি আরবের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের খবর নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সেন্টকমও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা বাহিনী সরকারকে হুথিদের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছে। সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, ইসরায়েল সরাসরি জড়িয়ে পড়লে তারা হুথি-সৌদি সংঘাতের মধ্যে পড়ে যেতে পারে।

দুটি সূত্রের বরাতে হারেৎজ জানিয়েছে, ইসরায়েলি সামরিক কর্মকর্তারা রাজনৈতিক নেতৃত্বকে হুথি মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের কূটনৈতিক উদ্যোগের মধ্যেই নিজেদের ভূমিকা সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Muktomon/TA