মুক্তমন রিপোর্ট : কানাডার কুইবেক প্রদেশে একটি ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল শহরের র্যাং দে ইকোসাইস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশের সার্জেন্ট আন্দ্রিয়ে-অ্যানি বিলোদিও বিবিসিকে জানান, হেলিকপ্টারটিতে চালকসহ মোট চারজন ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
পুলিশ জানায়, শনিবার দুপুরের পর হেলিকপ্টারটি বিপদের মুখে পড়ার খবর দিয়ে জরুরি ফোনকল আসে। এক প্রত্যক্ষদর্শী জানান, হাইওয়ের কাছে হেলিকপ্টারটিতে আগুন ধরে যাওয়ার আশঙ্কা রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশ। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আন্দ্রিয়ে।
সূত্র : বিবিসি
Muktomon/TA