মক্কা প্রতিরক্ষা জোটের মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পাওয়া পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পাওয়া পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ

মুক্তমন রিপোর্ট : সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়োগের তথ্য জানিয়েছে।

নোমান মাহমুদ রিয়াদে প্রতিষ্ঠিত হতে যাওয়া জোটের সাধারণ সচিবালয়ের নেতৃত্ব দেবেন। তিনি ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত ইসলামাবাদে অবস্থিত পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়া নোমান মাহমুদ ২০২৩ সালে অবসর নেন।

গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিটির লক্ষ্য তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা জোরদার করা।

চুক্তির অন্যতম বিধান অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আগস্টের এক যৌথ বিবৃতিতে তিন দেশ চুক্তির আওতায় সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে সম্মত হওয়ার কথাও জানানো হয়েছিল।

Muktomon/TA