গ্রিসে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

গ্রিসে বিমান প্রদর্শনীর সময় এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত
গ্রিসে বিমান প্রদর্শনীর সময় এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত

মুক্তমন রিপোর্টার : গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরত প্রদর্শনের সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাজধানী এথেন্সের কাছাকাছি একটি বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

গ্রিসের বার্তাসংস্থা এএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত যুদ্ধবিমানটি এফ-৪ ফ্যান্টম মডেলের। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার আগে দুই পাইলটই বিমান থেকে বের হতে পারেননি। ফলে বিধ্বস্ত হওয়ার পর আগুনে পুড়ে তাঁদের মৃত্যু হয়।

প্রদর্শনী দেখতে যাওয়া এক ব্যক্তি দুর্ঘটনার পুরো মুহূর্ত মোবাইল ফোনে ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি আকাশে উড্ডয়ন করে দর্শকদের সামনে কসরত প্রদর্শন করছিল। একপর্যায়ে বিমানটি দ্রুত নিচের দিকে নেমে আসে এবং দর্শকদের নির্ধারিত এলাকা থেকে দূরে গিয়ে মাটিতে আছড়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দুই পাইলট নিহত হওয়ার ঘটনায় বিমান প্রদর্শনীর বাকি আয়োজন বাতিল করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াস তাঁর বিদেশ সফর বাতিল করে ঘটনাস্থল পরিদর্শনে যান।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।