মস্কোতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ২

মস্কোর আকাশে ইউক্রেনের ড্রোন হামলার পর বিস্ফোরণের দৃশ্য
মস্কোর আকাশে ইউক্রেনের ড্রোন হামলার পর বিস্ফোরণের দৃশ্য

মুক্তমন রিপোর্ট : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি, হামলায় অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এ হামলা চালানো হয়।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রি ভোরোবিয়ভ জানান, হামলায় প্রায় ২৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ২৪৯টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। কয়েকটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর আবাসিক ভবন ও একটি গুদামে আগুন ধরে যায়।

গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, সোফিয়ানো এলাকায় একটি তিনতলা বাড়িতে ড্রোন আঘাত হানলে ৪৪ বছর বয়সী এক নারী নিহত হন। একই ঘটনায় ওই বাড়িতে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। এছাড়া ওরেখোভো-জুয়েভো জেলাতেও এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন জানান, রাজধানীর বোলভার্দ এলাকার একটি ভবন এবং একটি তেল পরিশোধনাগার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর মস্কোর দুটি বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মস্কোর আকাশে ড্রোন বিস্ফোরিত হওয়ার দৃশ্য দেখা গেছে। একটি গুদামে আগুন লাগার ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে, এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলীয় সুমি এলাকায় রুশ হামলায় সাতজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে দুই শিশুও ছিল।

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জ্বালানি ও সংশ্লিষ্ট অবকাঠামোকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে। মস্কোর সর্বশেষ ড্রোন হামলার পর দুই দেশের চলমান সংঘাত আরও তীব্র হওয়ার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

Muktomon/TA