মুক্তমন রিপোর্ট : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) কেঙ্গে শহরে একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সহ ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির কুয়াঙ্গো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন দেশটির হাই মিলিটারি কোর্টের প্রথম প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল জোসেফ মোতুম্বো কাতালাই তিয়েন্দে এবং সামরিক বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল লুসিয়েন-রেনে লিকুলিয়া বাকুমি।
কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইফোমি একেঙ্গে জানান, কুইলু প্রদেশের কিক্বিত থেকে রাজধানী কিনশাসায় ফেরার পথে বিমানটি কেঙ্গে শহরে বিধ্বস্ত হয়। এতে থাকা দুই জেনারেলসহ আরও ১২ জন নিহত হন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের সময় বিমানটিতে সমস্যা দেখা দেওয়ার পর জরুরি অবতরণের চেষ্টা করা হয়েছিল। পরে কেঙ্গের একটি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় মাটিতে থাকা কোনো বাসিন্দা হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হয়নি। কঙ্গোর সশস্ত্র বাহিনী দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেলেও পরবর্তী সময়ে কঙ্গোর সামরিক বাহিনীর বিবৃতিতে ১৪ জন নিহতের কথা জানানো হয়।
Muktomon/TA