মুক্তমন রিপোর্ট : যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’-এ এম৭৭৭ আল্ট্রা লাইট হাওউৎজার কামান দিয়ে গোলাবর্ষণের অনুশীলন করেছে দুই দেশের সেনাবাহিনী।
রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে গত বুধবার এ অনুশীলন অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের সেনারা আর্টিলারি ব্যবস্থার ব্যবহার এবং যৌথভাবে সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা প্রদর্শন করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অনুশীলনে ভারতীয় আর্টিলারি সদস্যরা এম৭৭৭ হাওউৎজার ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যে গোলাবর্ষণের অনুশীলন করেন। ভারতীয় সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, মহড়ার অংশ হিসেবে দুই বাহিনীর মধ্যে আর্টিলারি পরিচালনা ও কৌশলগত সমন্বয় নিয়ে প্রশিক্ষণও হয়েছে।
এম৭৭৭ একটি ১৫৫ মিলিমিটার আল্ট্রা লাইট হাওউৎজার। তুলনামূলক কম ওজনের কারণে প্রচলিত ভারী কামানের তুলনায় এটি সহজে পরিবহন ও মোতায়েন করা যায়। অস্ত্রটির নকশা যুক্তরাজ্যে করা হলেও বর্তমানে এটি যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, লাইভ ফায়ারিংয়ের আগে এম৭৭৭ হাওউৎজারের ব্যবহার নিয়ে লেকচার ও ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে কামানের অবস্থান নির্ধারণ, প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় এবং গোলাবর্ষণের পর দ্রুত অবস্থান পরিবর্তনের মতো বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুশীলন শেষে মার্কিন সেনারা ভারতীয় সেনাসদস্যদের সঙ্গে অভিজ্ঞতা, কৌশল ও কার্যপদ্ধতি নিয়ে মতবিনিময় করেন।
ভারত ও যুক্তরাষ্ট্রের ২২তম যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’ ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছে। দুই সপ্তাহব্যাপী এ মহড়া উত্তরাখণ্ডের অউলি ফরেন ট্রেনিং নোড এবং রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে পরিচালিত হচ্ছে। এতে দুই দেশের প্রায় ৬০০ জন করে সেনাসদস্য অংশ নিচ্ছেন।