মুক্তমন রিপোর্ট : ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিজেদের ব্যবহৃত একটি ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
নিহত সেনারা হলেন ২৪ বছর বয়সী নাদাভ কালি ও ২৩ বছর বয়সী ওফেক মোয়ালেম। তারা ইসরায়েলি সেনাবাহিনীর ৭০০৭ ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, একটি ছোট ড্রোন গাজার একটি সামরিক অবস্থানে বিধ্বস্ত হয়। প্রথমে সেটি বিস্ফোরিত হয়নি। পরে সেনারা ড্রোনটির কাছে গেলে সেটিতে বিস্ফোরণ ঘটে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত অনুযায়ী, ড্রোনটি পরিচালনার সময় দুর্ঘটনাবশত বিধ্বস্ত হয়। পরে সেটি পরীক্ষা করতে গেলে বিস্ফোরণ ঘটে। ঘটনার পর ছোট আকারের বিস্ফোরক বহনে সক্ষম ড্রোনগুলোর ব্যবহার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে।
এই দুই সেনার মৃত্যুর মধ্য দিয়ে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা ৯৭০-এ পৌঁছেছে বলে ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য উদ্ধৃত করে এএফপি জানিয়েছে।
Muktomon/TA