মুক্তমন রিপোর্ট : ইরানের সঙ্গে চুক্তি না হলে দেশটির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে। তবে চুক্তি না হলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরান আলোচনায় বিলম্ব করছে এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল দেখার অপেক্ষায় রয়েছে। তবে ইরান ইস্যুতে নির্বাচনের বিষয়টি তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করবে না বলেও তিনি জানান।
ভাষণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের অবসানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা দ্রুত সম্ভব হতে পারে। দুই দেশের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনার কথাও উঠে এসেছে। রয়টার্স জানিয়েছে, ইরানের প্রতিনিধিদল আলোচনায় ফেরার বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত এবং দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে যোগাযোগ চলছে। তবে ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই।
ট্রাম্পের ভাষণের সময় ইরানের প্রতিনিধিদলের বেশিরভাগ সদস্য অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বলে এপি জানিয়েছে।
Muktomon/TA