মুক্তমন রিপোর্ট : ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে সৌদি যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহে সহায়তা করবে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স।
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জানিয়েছেন, সৌদি সরকারের অনুরোধের পর প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং ও পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যে এই কার্যক্রম শুরু হতে পারে। এতে সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের আক্রোতিরি ঘাঁটিতে থাকা ‘ভয়েজার’ ট্যাংকার বিমান ব্যবহারের কথা রয়েছে।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, সৌদি যুদ্ধবিমানগুলোকে ‘প্রতিরক্ষামূলক জ্বালানি সহায়তা’ দেওয়ার এই উদ্যোগটি নির্দিষ্ট সময়ের জন্য চালু থাকবে। প্রাথমিকভাবে এর মেয়াদ কয়েক সপ্তাহ হতে পারে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজধানী রিয়াদসহ বিভিন্ন জ্বালানি স্থাপনাও এসব হামলার লক্ষ্য হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই রিয়াদ যুক্তরাজ্যের কাছে সামরিক সহায়তা চেয়েছে।
বার্নহাম বলেন, সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলার পাশাপাশি জ্বালানি সরবরাহের পথ সচল রাখার বিষয়টিও যুক্তরাজ্যের সিদ্ধান্তের অন্যতম কারণ। তার ভাষ্য, বিশৃঙ্খলা আরও বাড়লে তা জ্বালানি সরবরাহ ও জীবনযাত্রার ব্যয়ের ওপর প্রভাব ফেলতে পারে।
যুক্তরাজ্য ও সৌদি আরব দীর্ঘদিনের সামরিক অংশীদার। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও অস্ত্র সরবরাহের ক্ষেত্রেও দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে।
Muktomon/TA