এতনায় অগ্ন্যুৎপাত, ইতালিতে রেড অ্যালার্ট

এতনার অগ্ন্যুৎপাতে সিসিলির আকাশে ছাইয়ের কুণ্ডলী
এতনার অগ্ন্যুৎপাতে সিসিলির আকাশে ছাইয়ের কুণ্ডলী

মুক্তমন রিপোর্ট : ইতালির সিসিলি দ্বীপের মাউন্ট এতনা আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সাময়িকভাবে কাতানিয়া বিমানবন্দরে আগমনকারী ফ্লাইটও স্থগিত করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) এ তথ্য জানিয়েছে।

অগ্ন্যুৎপাতের কারণে সিসিলির আকাশসীমার সি-১ সেক্টর বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বিমান অবতরণ ও উড্ডয়নে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কাতানিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত সব আগমনকারী ফ্লাইট স্থগিত রাখা হয়। এর আগে নিরাপত্তার স্বার্থে প্রতি ঘণ্টায় ১২টির পরিবর্তে সর্বোচ্চ চারটি বিমান অবতরণের অনুমতি দেওয়া হচ্ছিল।

পরিস্থিতির কারণে আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে পাঁচটি ফ্লাইট পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসো বিমানবন্দরে পাঠানো হয়। ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসোতে সরিয়ে নেওয়া হয়েছে।

মাউন্ট এতনা ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। সেখানে প্রায়ই অগ্ন্যুৎপাত হলেও এবারের ছাইয়ের মেঘ বিমান চলাচলে ঝুঁকি তৈরি করায় কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

Muktomon/TA

সূত্র: আনাদোলু