মুক্তমন রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর এলাকায় এক বিজেপি কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কোতোয়ালি থানা এলাকার হাতিহালকার কদমতলা বাজারে হামলার ঘটনায় সামশের বিশ্বাস (৩২) নামে ওই কর্মীর মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও একাধিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সকালে সামশের তাঁর মামা জাফর বিশ্বাসসহ কয়েকজনের সঙ্গে কদমতলা বাজারে চা খাচ্ছিলেন। এ সময় একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এতে সামশেরসহ আরও একজন আহত হন।
আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সামশেরকে মৃত ঘোষণা করেন। ঘটনাটির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ঘটনার পেছনে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল থাকার অভিযোগ উঠেছে। এর এক দিন আগে মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি পদে পরিবর্তন করা হয়েছিল। নিহত সামশের ও তাঁর মামা জাফরকে সদ্য সাবেক সভাপতি সমিত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে স্থানীয়ভাবে পরিচিত বলে কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহসভাপতি অজয় জানা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, হামলাকারীদের রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। তিনি দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
Muktomon/TA