১ অক্টোবর থেকে তিন শ্রেণির মার্কিন ভিসায় সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই

১ অক্টোবর থেকে তিন শ্রেণির মার্কিন ভিসায় সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই

মুক্তমন রিপোর্ট : আগামী ১ অক্টোবর থেকে আরও তিন শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতি যাচাই করবে যুক্তরাষ্ট্র। নতুন নিয়মের আওতায় I, TN ও TD ভিসার আবেদনকারীদের তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ‘public’ বা ‘open’ করে রাখতে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ১৮ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, ভিসা আবেদনকারীদের অনলাইন উপস্থিতি পর্যালোচনার আওতা বাড়িয়ে I, TN ও TD শ্রেণিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্রের সামগ্রিক ভিসা যাচাই ও নিরাপত্তা স্ক্রিনিংয়ের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

কারা পড়বেন নতুন নিয়মে?

I ভিসা মূলত বিদেশি সংবাদমাধ্যমের সাংবাদিক, সম্প্রচারক ও চলচ্চিত্র বা প্রিন্ট মিডিয়ার পেশাজীবীদের জন্য, যারা যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে কাজ বা সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যান। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত হতে হয়।

TN ভিসা যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি (USMCA)-এর আওতায় নির্দিষ্ট পেশায় সাময়িকভাবে কাজ করতে যাওয়া যোগ্য কানাডীয় ও মেক্সিকান নাগরিকদের জন্য। এ ভিসার জন্য নির্ধারিত পেশাগত যোগ্যতা পূরণের পাশাপাশি যুক্তরাষ্ট্রে আগে থেকে চাকরির প্রস্তাব থাকতে হয়।

অন্যদিকে TD ভিসা TN ভিসাধারীদের স্বামী বা স্ত্রী এবং অবিবাহিত অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য প্রযোজ্য। TD ভিসার ক্ষেত্রে নির্ভরশীলদের জাতীয়তা TN ভিসাধারীর জাতীয়তার সঙ্গে একই হওয়া বাধ্যতামূলক নয়।

সব সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল প্রকাশ্য রাখতে হবে

নতুন নিয়ম অনুযায়ী I, TN ও TD ভিসার সব আবেদনকারীকে তাদের ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংস ‘public’ বা ‘open’ করতে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ভিসা যাচাইয়ের সময় আবেদনকারীর বিষয়ে পাওয়া সব ধরনের তথ্য বিবেচনা করা হয়। এর মাধ্যমে এমন ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করা হয়, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার কারণে অগ্রহণযোগ্য হতে পারেন।

দপ্তর আরও জানিয়েছে, প্রতিটি ভিসা আবেদন মূল্যায়নকে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখা হয়। আবেদনকারীকে সংশ্লিষ্ট ভিসার জন্য যোগ্যতা এবং ভিসার শর্ত মেনে যুক্তরাষ্ট্রে থাকার অভিপ্রায়ও প্রমাণ করতে হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, ভিসা সরকারের বিবেচনাধীন একটি সুবিধা, অধিকার হিসেবে দাবি করার বিষয় নয়।

আগে থেকেই যেসব ভিসায় অনলাইন যাচাই চলছে

I, TN ও TD ভিসা যুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের আওতায় থাকা ভিসা শ্রেণির সংখ্যা আরও বাড়বে।

এর আগে F-1 ও M-1 শিক্ষার্থী এবং তাদের নির্ভরশীল, H-1B ও H-3 কর্মী এবং সংশ্লিষ্ট নির্ভরশীল, J-1 ও J-2 এক্সচেঞ্জ ভিজিটরসহ বিভিন্ন শ্রেণির ভিসায় অনলাইন উপস্থিতি পর্যালোচনা চালু করা হয়েছে।

এ তালিকায় A-3, C-3 (গৃহকর্মী ক্ষেত্রে), G-5, K-1, K-2, K-3, Q, R-1, R-2 এবং S, T ও U শ্রেণির ভিসাও রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ২০২৫ সালের শেষ দিকে H-1B ও H-4 ভিসার আবেদনকারীদের ক্ষেত্রেও অনলাইন উপস্থিতি যাচাই সম্প্রসারণ করেছিল। পরবর্তীতে ২০২৬ সালের মার্চে আরও কয়েকটি ভিসা শ্রেণি এই ব্যবস্থার আওতায় আনা হয়।