মুক্তমন রিপোর্ট : সৌদি আরবের উপকূলে একটি ট্যাংকার জাহাজে রকেট হামলার ঘটনা ঘটেছে। ছোট নৌকায় করে আসা হামলাকারীরা জাহাজটিকে লক্ষ্য করে রকেট-প্রোপেলড গ্রেনেড (আরপিজি) ছোড়ে। তবে এ ঘটনায় কোনো ক্রু হতাহত হননি বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও।
শনিবার (১৭ অক্টোবর) ইউকেএমটিও জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলীয় জুবাইল বন্দর থেকে প্রায় ৭৩ নটিক্যাল মাইল দূরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ছোড়া রকেটটি ট্যাংকারের সামনের বাম পাশের অংশে আঘাত হানে।
সংস্থাটি জানায়, জাহাজের সব ক্রুর অবস্থান নিশ্চিত করা হয়েছে। তবে হামলায় জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
হোদেইদায় হুথিদের অস্ত্র পাচারস্থাপনায় সৌদি-ইয়েমেন জোটের হামলা
এদিকে, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হোদেইদায় হুথি বিদ্রোহীদের অস্ত্র চোরাচালান কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সৌদি-ইয়েমেন প্রতিরক্ষা জোট। শুক্রবার (১৬ অক্টোবর) এ হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জোটের পক্ষ থেকে হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রায় ছয় মিনিটের সাদা-কালো ফুটেজে ট্রাক, ছোট নৌকা এবং গুদাম হিসেবে ব্যবহৃত হতে পারে—এমন কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালাতে দেখা যায়।
শনিবার মধ্যরাতের কিছু আগে সৌদি সেনা কর্মকর্তা ও জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি তাঁর এক্স অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন।
তবে হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু, চোরাচালানের জন্য ব্যবহৃত অস্ত্রের ধরন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জোটের পক্ষ থেকে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
সূত্র : আলজাজিরা
Muktomon/TA