মুক্তমন রিপোর্ট : অধিকৃত পশ্চিমতীরের রামাল্লার উত্তর-পূর্বাঞ্চলে কাফর মালিক এলাকার একটি খামারে হামলা চালিয়ে এক ফিলিস্তিনির ২০টি ভেড়া হত্যার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে। ভেড়াগুলোকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা।
শনিবার (১৭ অক্টোবর) ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেটেলাররা খামারটিতে প্রবেশ করে ভেড়াগুলোকে ছুরি দিয়ে আঘাত করে। পরে ভেড়াগুলো মারা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মৃত ভেড়াগুলোকে এক জায়গায় পড়ে থাকতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, গত কয়েক মাস ধরে অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর হামলা, মারধর এবং বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। এসব হামলার পাশাপাশি ফিলিস্তিনিদের জীবিকা নির্বাহের উৎসও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় ফিলিস্তিনিদের আয় ও জীবিকার অন্যতম উৎস জলপাইবাগান ও গৃহপালিত পশু। বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে জলপাইগাছ উপড়ে ফেলা এবং গৃহপালিত পশু হত্যার অভিযোগও রয়েছে।
এদিকে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক নারী আলোকচিত্রীর ওপর হামলার খবরও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলায় ওই সাংবাদিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি করা হয়েছে।
পশ্চিমতীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ রয়েছে। এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে ওঠা ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর যুক্তরাজ্যসহ কয়েকটি পশ্চিমা দেশ নিষেধাজ্ঞা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র : ওয়াফা, টাইমস অব ইসরায়েল
Muktomon/TA