এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ হংকংয়ে, চীনের হাতে যাওয়ার আশঙ্কা

অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানোর পথে হংকংয়ে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ
অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানোর পথে হংকংয়ে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ

মুক্তমন রিপোর্ট : অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর একটি যন্ত্রাংশের চালান নির্ধারিত গন্তব্যে না পৌঁছে হংকংয়ে চলে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চালানটিতে এফ-৩৫ যুদ্ধবিমানের একটি ক্যানোপি বা ককপিটের স্বচ্ছ আবরণ ছিল। এটি বিমানের স্টিলথ সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি উপাদান। অস্ট্রেলিয়া থেকে একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যন্ত্রাংশগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছিল। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে চালানটি হংকংয়ে পৌঁছে যায়।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ওই যন্ত্রাংশগুলো কোথায় এবং কার নিয়ন্ত্রণে রয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এগুলো চীনের হাতে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।

ঘটনাটির বিষয়ে গত জুনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কংগ্রেসের সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্ত এখনো চলমান রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ যন্ত্রাংশগুলো উদ্ধারের পাশাপাশি কীভাবে চালানটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হলো এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

এফ-৩৫-এর ক্যানোপি সাধারণ কোনো স্বচ্ছ আবরণ নয়। ককপিটের ওপর স্থাপিত এই গম্বুজাকৃতির কাঠামোয় বিশেষ ধরনের উপাদান ব্যবহার করা হয়, যা বিমানের স্টিলথ বৈশিষ্ট্য বজায় রাখতে সহায়তা করে। বিমানের রাডার প্রতিফলন কমানোর ক্ষেত্রে ক্যানোপির ভূমিকা রয়েছে।

তবে ক্যানোপিতে ব্যবহৃত বিশেষ স্বচ্ছ উপাদান সময়ের সঙ্গে ক্ষয়প্রাপ্ত হতে পারে। এ কারণে নির্দিষ্ট সময় পর এগুলো পরিবর্তনের প্রয়োজন হয়।

এফ-৩৫ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্টিলথ যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র নিজস্ব বাহিনী ও মিত্রদেশগুলোর জন্য এ পর্যন্ত বিপুলসংখ্যক এফ-৩৫ সরবরাহ করেছে।

Muktomon/TA