পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের কোহাতে পুলিশ সদরদপ্তরের মসজিদে বোমা হামলার পর ঘটনাস্থল
পাকিস্তানের কোহাতে পুলিশ সদরদপ্তরের মসজিদে বোমা হামলার পর ঘটনাস্থল

মুক্তমন রিপোর্ট : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় পুলিশ সদরদপ্তরের একটি মসজিদে বোমা হামলা ও পরবর্তী গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ছয় হামলাকারী, ১৫ জন পুলিশ সদস্য ও ছয়জন বেসামরিক নাগরিক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের সময় পুলিশ সদরদপ্তরের মসজিদের গেটে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে হামলা চালানো হয়। বিস্ফোরণে মসজিদের একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর হামলাকারীরা পুলিশ সদরদপ্তরের মূল অংশে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়।

প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ আত্মঘাতী বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার পর সন্ত্রাসীরা পুলিশ সদরদপ্তরের কম্পাউন্ডে প্রবেশের চেষ্টা করে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, হামলায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই মসজিদে জুমার নামাজ আদায় করতে এসেছিলেন।

পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) একটি অংশ হিসেবে পরিচিত ইত্তেহাদুল মুজাহিদিন হামলার দায় স্বীকার করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

হামলাস্থলটি আফগান সীমান্তের কাছাকাছি এলাকায়। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানে অবস্থানকারী টিটিপির সদস্যরা সেখান থেকে পাকিস্তানে হামলা চালায় এবং আফগান তালেবান সরকার তাদের সহায়তা করে। তবে আফগান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

বোমা বিস্ফোরণে মসজিদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুলিশ সদরদপ্তরের একটি দেয়ালও ধসে পড়েছে। বিস্ফোরণের শব্দ আশপাশের বিস্তীর্ণ এলাকা থেকে শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

Muktomon/TA