ভারতে প্রথমবার মহড়ায় মার্কিন এফ-৩৫, এসেছে ৬ যুদ্ধবিমান

ভারতে তরঙ্গ শক্তি মহড়ায় অংশ নিতে আসা মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান
ভারতে তরঙ্গ শক্তি মহড়ায় অংশ নিতে আসা মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান

মুক্তমন রিপোর্ট : ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’-এ অংশ নিতে রাজস্থানের যোধপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান ও দুই শতাধিক মার্কিন বিমানসেনা।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুই শতাধিক সেনার সঙ্গে পঞ্চম প্রজন্মের ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমানও মহড়ায় অংশ নিতে যোধপুরে এসেছে।

সার্জিও গোর জানান, ভারতীয় বিমান বাহিনীর কোনো মহড়ায় মার্কিন বিমান বাহিনী এবারই প্রথম অংশ নিচ্ছে। একই সঙ্গে এ মহড়ায় এফ-৩৫ যুদ্ধবিমানের অংশগ্রহণও প্রথমবারের ঘটনা।

‘তরঙ্গ শক্তি’ ভারতীয় বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত একটি বহুজাতিক বার্ষিক মহড়া। ২০২৪ সালে প্রথমবার এ মহড়ার আয়োজন করা হয়। ২০২৫ সালে মহড়াটি অনুষ্ঠিত হয়নি। চলতি বছর দ্বিতীয়বারের মতো এর আয়োজন করা হয়েছে।

শনিবার যোধপুর বিমান ঘাঁটিতে শুরু হওয়া মহড়াটি আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে। যুক্তরাষ্ট্রসহ প্রায় ৪০টি দেশ এতে অংশ নিচ্ছে। মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীও সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে অংশ নিয়েছে।

এবারের মহড়ার অন্যতম আকর্ষণ যুক্তরাষ্ট্রের এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান। স্টেলথ প্রযুক্তির এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও আদান-প্রদানের পাশাপাশি আকাশ, স্থল, সমুদ্র, মহাকাশ ও সাইবার কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনে সক্ষম।

মহড়ায় ফ্রান্সের রাফাল, ভারতের তেজস ও সুখোই-৩০ এমকেআইসহ বিভিন্ন দেশের অত্যাধুনিক যুদ্ধবিমানও অংশ নিচ্ছে।

Muktomon/TA