হামলার পর সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু

ড্রোন হামলার পর সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন পুনরায় চালু
ড্রোন হামলার পর সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন পুনরায় চালু

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাইপলাইনটি দিয়ে ধীরগতিতে তেল পাম্পিং শুরু করা হয়েছে। এর ফলে লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে আবারও তেল রপ্তানি শুরু হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে পাইপলাইনটির মাধ্যমে সীমিত গতিতে তেল সরবরাহ করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর ধীরে ধীরে তেল প্রবাহ বাড়ানো হতে পারে।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে এই তেল আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। এশিয়ার বাজার সৌদি তেলের অন্যতম প্রধান গন্তব্য।

গত ১৩ সেপ্টেম্বর ড্রোন হামলার পর নিরাপত্তাজনিত কারণে পাইপলাইনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। হামলায় পাইপলাইনের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেল পরিবহন সাময়িকভাবে স্থগিত রাখে সৌদি আরব।

ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সৌদি আরবের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প তেল পরিবহন ব্যবস্থা। এর মাধ্যমে দেশটি হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর হয়ে আন্তর্জাতিক বাজারে তেল পাঠাতে পারে।

পাইপলাইনটি বন্ধ থাকার সময়ে সৌদি আরব উপসাগরীয় বন্দরগুলো থেকে তেল রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেয়। গত সপ্তাহে সাতটি সুপারট্যাংকারে তেল লোড করা হয়, যেগুলোর সম্মিলিত ধারণক্ষমতা প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল।

পাইপলাইনটি পুনরায় চালু হওয়ায় ইয়ানবু বন্দর দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পাইপলাইনটি পূর্ণ সক্ষমতায় কবে ফিরবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Muktomon/TA