মার্কিন সামরিক বাহিনীর একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার ইরানি বাহিনীর পক্ষ থেকে এ দাবি করা হয়।
আইআরজিসির জনসংযোগ দপ্তর জানায়, স্থানীয় সময় রাত ২টা ২৯ মিনিটে কেশম দ্বীপের আকাশে ড্রোনটি শনাক্ত করা হয়। পরে ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর এটি ভূপাতিত করা ৫২তম মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন।
ইরানি বাহিনী আরও দাবি করেছে, চলমান ‘তৃতীয় আরোপিত যুদ্ধ’-এর সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত শত শত্রু ড্রোন শনাক্ত ও ভূপাতিত করেছে। এসব ড্রোনের মধ্যে লুকাস, হার্মিস, এমকিউ-১ প্রিডেটর এবং এমকিউ-৯ রিপার মডেল রয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবিও করেছিল আইআরজিসি। ইরানের দাবি অনুযায়ী, সর্বশেষ ঘটনাসহ দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত মার্কিন এমকিউ-১ ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।
তবে মার্কিন পক্ষ থেকে এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। একইভাবে ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাটিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: পার্সটুডে
Muktomon/TA