মুক্তমন রিপোর্ট : মেক্সিকোর মাদকচক্রের কাছে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের ষড়যন্ত্রের অভিযোগে উগান্ডার সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা ও কূটনীতিক কাতুঙ্গি মাইকেল ম্পেইরওয়েকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে। উগান্ডার কারা বিভাগের মহাপরিচালক জনসন বায়াবাশাইজা শনিবার এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ গত জুলাইয়ে ম্পেইরওয়ে ও আরও তিন ব্যক্তির বিরুদ্ধে প্রায় ৫ কোটি ৪০ লাখ ডলার মূল্যের অস্ত্র সরবরাহের ষড়যন্ত্রের অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, মেক্সিকোর কুখ্যাত কার্টেল দে জালিস্কো নুয়েভা জেনেরাসিয়ন (সিজেএনজি)-এর কাছেও এসব অস্ত্র সরবরাহের পরিকল্পনা ছিল।
ম্পেইরওয়ের সঙ্গে অভিযুক্ত অন্য তিনজন বুলগেরিয়া, কেনিয়া ও তানজানিয়ার নাগরিক। তাঁদের বিরুদ্ধে মেশিনগান, রকেট লঞ্চার ও অ্যান্টি-পার্সোনেল মাইন সরবরাহের পরিকল্পনার অভিযোগ রয়েছে।
মার্কিন কৌঁসুলিদের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা মাদকচক্রগুলোর কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমানবিধ্বংসী কামান সরবরাহেরও চেষ্টা করেছিলেন।
ম্পেইরওয়ে উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি হলেন কাইনেরুগাবার বাবা।
উগান্ডার কারা বিভাগের মহাপরিচালক জনসন বায়াবাশাইজা এএফপিকে বলেন, ম্পেইরওয়েকে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে তিনি তাদের হেফাজতে রয়েছেন।
উগান্ডার এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, গত ২৭ জুন রাজধানী কাম্পালার একটি অভিজাত এলাকা থেকে ম্পেইরওয়েকে গ্রেপ্তার করা হয়। দুই দিন পর তাঁকে আদালতে হাজির করা হয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া দেশটির আইন অনুযায়ী চলবে।