আফগানিস্তানে ফের পাকিস্তানের বিমান হামলা

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পরের দৃশ্য
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পরের দৃশ্য

মুক্তমন রিপোর্ট : আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে দুটি পৃথক স্থানে চালানো হামলায় অন্তত ২২ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এর আগে বুধবার রাতে আফগানিস্তানের তালেবান সরকার জানায়, পাকিস্তান হেলমান্দ ও কুনার প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এতে ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

এক্সে দেওয়া এক পোস্টে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, হেলমান্দ ও কুনারে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে। তিনি হামলার নিন্দা জানিয়ে এটিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেন।

সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। গত দুই সপ্তাহে পাকিস্তানে একটি মসজিদসহ বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর এসব ঘটনার জন্য আফগানিস্তানের তালেবান সরকারকে দায়ী করে আসছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, তালেবানের আশ্রয়-প্রশ্রয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলো আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে।

মসজিদে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। এরই মধ্যে পাকিস্তান অন্তত দুই দফা আফগানিস্তানের ভূখণ্ডে সরাসরি বিমান হামলা চালিয়েছে।

তবে পাকিস্তান ও আফগানিস্তান—উভয় পক্ষের দেওয়া হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আলজাজিরা।

Muktomon/TA