সৌদির দক্ষিণাঞ্চলে ‘সম্ভাব্য বিপদ’ সতর্কতা প্রত্যাহার

সৌদি আরবের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা সতর্কতা
সৌদি আরবের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা সতর্কতা

মুক্তমন রিপোর্ট : সৌদি আরবের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শরুরাহ, তাইফ ও খামিস মুশাইত এলাকায় জারি করা ‘সম্ভাব্য বিপদ’ সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। শনিবার ভোরে দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, সতর্কতা প্রত্যাহার হলেও বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। একই সঙ্গে জনসমাগম এড়িয়ে চলা এবং ঘটনাস্থলের ছবি বা ভিডিও ধারণ না করার জন্য সতর্ক করা হয়েছে।

এর আগে সতর্কতা জারির সময় ওই তিন এলাকার বাসিন্দাদের সরকারি নির্দেশনা অনুসরণ, নিরাপদ স্থানে সরে যাওয়া, জানালা থেকে দূরে থাকা এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে দেশটির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে কয়েক দফা হামলার খবরের পর এসব সতর্কতা জারি করা হয়। হামলায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল।

সৌদি প্রেস এজেন্সি (SPA) জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পাইপলাইনটি কয়েকবার হামলার লক্ষ্যবস্তু হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথকভাবে জানিয়েছে, ইরাক থেকে উৎক্ষেপণ করা কয়েকটি ড্রোন পাইপলাইনটিতে হামলা চালায়। এতে হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

এ ছাড়া বৃহস্পতিবার ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম দক্ষিণাঞ্চলীয় আবহা ও খামিস মুশাইত শহরের জন্যও ‘সম্ভাব্য বিপদ’ সতর্কতা জারি করেছিল।

এর মধ্যেই প্রতিবেশী ইয়েমেনে দ্রুত সংঘাত বাড়ছে। হুতিরা লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দাব প্রণালির কাছে কৌশলগত কিছু এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় আল-হুদায়দাহ প্রদেশের হায়েস ও আল-খাওখাহ জেলা রয়েছে।

ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তাইজ, আল-জাওফ ও আল-বায়দা প্রদেশসহ বিভিন্ন ফ্রন্টে লড়াইও তীব্র হয়েছে। হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলাও চালানো হচ্ছে।

২০১৪ সালে হুতিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করার পর থেকেই ইয়েমেনে সংঘাত চলছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির যুদ্ধে হস্তক্ষেপ করে।

Muktomon/TA