আর্থিক চাপে বিবিসি, স্পোর্টস বিভাগেই কমছে ৩৬ পদ

ব্যয় সংকোচন কর্মসূচির কারণে কর্মী ছাঁটাইয়ের মুখে বিবিসি
ব্যয় সংকোচন কর্মসূচির কারণে কর্মী ছাঁটাইয়ের মুখে বিবিসি

মুক্তমন রিপোর্ট : তীব্র আর্থিক চাপের মধ্যে বড় ধরনের ব্যয় সংকোচন কর্মসূচি হাতে নিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির স্পোর্টস বিভাগে ৪১টি পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পাঁচটি নতুন পদ তৈরি হওয়ায় নিট ৩৬টি পদ কমবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, ছাঁটাই প্রক্রিয়া সহজ করতে কর্মীদের স্বেচ্ছায় অবসরের সুযোগও দেওয়া হচ্ছে। স্পোর্টস বিভাগের এসব পদ বিলুপ্তির মাধ্যমে প্রায় ২৬ লাখ পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিবিসির প্রধান কনটেন্ট কর্মকর্তা কেট ফিলিপসের অভ্যন্তরীণ এক নোটে বলা হয়েছে, ২০২৭-২৮ অর্থবছরে কমিশনিং বাজেট থেকে প্রায় ৮ কোটি পাউন্ড কমানোর পরিকল্পনা রয়েছে। চলতি অর্থবছরের শেষ নাগাদ শুধু কনটেন্ট বিভাগ থেকেই প্রায় ১০০টি পদ কমতে পারে।

বিবিসি এরই মধ্যে পুরো প্রতিষ্ঠানজুড়ে দুই বছরে প্রায় ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ের পরিকল্পনা নিয়েছে। এর আওতায় ২০২৮ সালের মধ্যে সর্বোচ্চ ২ হাজার পদ বিলুপ্ত করার উদ্যোগ চলছে। প্রতিষ্ঠানটির প্রায় ১৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বিবিসি নিউজ, টেলিভিশন ও রেডিও-সংশ্লিষ্ট কার্যক্রমে ৫৫০টি পদ কমানোর পরিকল্পনার কথা জানানো হয়েছিল। পাশাপাশি সিনিয়র নেতৃত্বের পদও অন্তত ১০ শতাংশ কমানোর পরিকল্পনা রয়েছে।

বিবিসির আর্থিক পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে প্রতিষ্ঠানটির পাবলিক সার্ভিস বিভাগের নগদ মজুত ৩৬ কোটি ৯০ লাখ পাউন্ড থেকে কমে ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে নেমেছে। একই সময়ে বিবিসি ১২ কোটি ১০ লাখ পাউন্ড ঘাটতি দেখিয়েছে।

বিবিসির মহাপরিচালক ম্যাট ব্রিটিন এর আগে কর্মীদের জানিয়েছিলেন, প্রতিষ্ঠানটিকে ব্যয় কমাতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তাঁর নেতৃত্বে পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি প্রতিষ্ঠানকে আরও সহজ ও দ্রুতগতির করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Muktomon/TA