মিশিগানে মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মিশিগানে বিধ্বস্ত মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান
মিশিগানে বিধ্বস্ত মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্রাভার্সি এলাকায় মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।

বিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের একটি ইউনিটের বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ড জানায়, বিধ্বস্ত বিমানটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন সিরিজের।

বিবৃতিতে বলা হয়, বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই পাইলট ইজেকশন ব্যবস্থার মাধ্যমে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট পরিস্থিতি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এয়ার ন্যাশনাল গার্ড হলো মার্কিন বিমান বাহিনীর একটি রিজার্ভ উপাদান। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আকাশসীমার নিরাপত্তা রক্ষাসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় জরুরি দায়িত্ব পালনে এ বাহিনী কাজ করে।

এদিকে মিশিগানের সিনেটর গ্যারি পিটার্স জানিয়েছেন, দুর্ঘটনার পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।

Muktomon/TA