মধ্যপ্রাচ্যে ইভি বাইক রপ্তানিতে পিটন-স্টার ড্রোনসের সমঝোতা

ইভি বাইক রপ্তানি ও প্রযুক্তি বিনিময়ে পিটন ইন্ডাস্ট্রিজ ও স্টার ড্রোনসের সমঝোতা স্মারক স্বাক্ষর
ইভি বাইক রপ্তানি ও প্রযুক্তি বিনিময়ে পিটন ইন্ডাস্ট্রিজ ও স্টার ড্রোনসের সমঝোতা স্মারক স্বাক্ষর

মুক্তমন রিপোর্ট : চুক্তির আওতায় প্রাথমিকভাবে ওমানের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘বিজ’ (Bees)-এর ডেলিভারি বহরের জন্য বাংলাদেশ থেকে ইলেকট্রিক বাইক সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের বাজারে ইভি বাইকের চাহিদা পূরণে ওমানে একটি পূর্ণাঙ্গ অ্যাসেম্বলি লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সমঝোতা স্মারক অনুযায়ী, বাংলাদেশ থেকে ইভি প্রযুক্তির জ্ঞান ওমান গ্রহণ করবে। পাশাপাশি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুই দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ ইকবাল জাহেদী এবং মডার্ন স্টার বিজনেসেস এলএলসি (স্টার ড্রোনস)-এর পক্ষে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইদ আব্দুল গাফুর সাইফ উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশে একাডেমিয়া, দেশি-বিদেশি বিনিয়োগকারী ও স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে প্রথমবারের মতো এমন একটি উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। পিটন ইন্ডাস্ট্রিজ ও স্টার ড্রোনসের সমঝোতা স্মারক এই সমন্বিত উদ্যোগের বাস্তব ফল এবং প্রযুক্তিগত চুক্তিটি জাতীয় অর্থনীতি ও উদীয়মান সবুজ প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

স্টার ড্রোনস তাদের ড্রোন ডেলিভারি প্রযুক্তির সঙ্গে বাংলাদেশের ইভি বাইকের সমন্বয় ঘটিয়ে আধুনিক ও সমন্বিত ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে।

চুক্তি অনুযায়ী, ওমান থেকে মূলধন ও ড্রোন প্রযুক্তি বাংলাদেশে এনে স্থানীয়ভাবে বৃহৎ পরিসরে বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে।

স্টার ড্রোনসের প্রতিনিধি বলেন, বাংলাদেশি পণ্যের মান ও উদ্ভাবনী সক্ষমতা তাদের মুগ্ধ করেছে। তাদের মতে, এটি শুধু ইলেকট্রিক বাইক কেনার চুক্তি নয়; বরং মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রযুক্তি সম্প্রসারণ এবং বাংলাদেশে ওমানের যৌথ বিনিয়োগের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ওমান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও মিনিস্টার প্লেনিপোটেনশিয়ারি ফাথিয়া বিনতে আহমেদ আল বালুশি।

এ ছাড়া সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (SABCCI) সভাপতি আশরাফুল হক চৌধুরী, পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী আজগর অপু, স্টার ড্রোনসের সিপিও বাসিম আল্লাহ বখশ গোলাম আল-জাদজালি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রোজান দৌলতজাদেহ এবং মেকাট্রনিক প্রকৌশলী মোহাম্মদ ফৌজান আম্মারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ ও ওমানের মধ্যে প্রযুক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে এবং দেশে পরিবেশবান্ধব ইভি প্রযুক্তির বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হবে।

Muktomon/TA