ইয়েমেনি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিলো হুথিরা

হুথিদের মুক্তি দেওয়া ইয়েমেনি সরকারি বাহিনীর সেনারা
হুথিদের মুক্তি দেওয়া ইয়েমেনি সরকারি বাহিনীর সেনারা

মুক্তমন রিপোর্ট : ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিয়েছে হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত সেনাদের নিজ নিজ বাড়িতে ফিরতে সহায়তা করেছে সংস্থাটি।

হুথিদের দাবি, গত মাসে লোহিত সাগর উপকূলের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা তাদের নিয়ন্ত্রণে যাওয়ার সময় এসব সেনা কোনো লড়াই ছাড়াই আত্মসমর্পণ করেন।

হুথি কর্মকর্তা আব্দুলকাদের আল-মুরদাতা শনিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের বলেন, সাধারণ ক্ষমার আওতায় এসব সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩২৩ জন যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আইসিআরসি জানিয়েছে, ইয়েমেনি সেনাদের মুক্তি ও নিজ বাড়িতে ফিরে যাওয়ার প্রক্রিয়ায় তারা সহায়তা করেছে।

এদিকে সৌদি আরব-ইয়েমেন সীমান্তবর্তী নাজরান অঞ্চলের আকাশে সৌদি আরবের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা।

হুথি পরিচালিত বার্তা সংস্থা সাবায় প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সীমান্তের কাছে হুথিদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানোর সময় হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়।

তবে এ দাবির বিষয়ে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হেলিকপ্টার ভূপাতিত হওয়ার দাবিটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র : আলজাজিরা

Muktomon/TA