প্যারিসে বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগ

ফ্রান্সের প্যারিসে বিক্ষোভের মধ্যে দোকানপাটে লুটপাট ও পুলিশের অভিযান
ফ্রান্সের প্যারিসে বিক্ষোভের মধ্যে দোকানপাটে লুটপাট ও পুলিশের অভিযান

মুক্তমন রিপোর্ট : জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ফ্রান্সে শুরু হওয়া বিক্ষোভ রাজধানী প্যারিসে সহিংস রূপ নিয়েছে। শহরটির বিভিন্ন এলাকায় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করেছে পুলিশ।

বিবিসির সাংবাদিক অ্যাডলিনা ক্যাম্পবেল প্যারিস থেকে জানিয়েছেন, কিছু বিক্ষোভকারী দোকানপাটে লুটপাট চালানোর পাশাপাশি কাচের বোতল ছুড়ছেন। এতে শহরের বিভিন্ন এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন।

ক্যাম্পবেল জানান, বিক্ষোভে অংশ নিতে শহরের বাইরে থেকেও অনেকে প্যারিসে এসেছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বিক্ষোভকারীদের নিজেদের মধ্যেও মারামারির ঘটনা দেখা গেছে। বর্তমান পরিস্থিতিতে প্যারিসের রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন তিনি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তরুণদের অংশগ্রহণ দেখা গেছে। ঘটনাস্থলে থাকা সিএনএনের এক সাংবাদিক অন্তত একটি দোকানে লুটপাট এবং একটি বৈদ্যুতিক বাইকে আগুন দেওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছেন।

ওই সাংবাদিকের বর্ণনা অনুযায়ী, একটি খেলনার দোকানেও লুটপাট চালানো হয়। লুটপাটকারীরা দোকান থেকে খেলনা বের করে সেগুলো দেখার পাশাপাশি ভিডিও ধারণ করছিলেন।

এ সময় সরু রাস্তায় অবস্থানরত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

সূত্র : বিবিসি ও সিএনএন

Muktomon/TA