অরুণ কুমার সরকার : বাগেরহাটের চিতলমারীতে প্রজ্ঞা হালদার (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ঝালোডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রজ্ঞা হালদার ওই গ্রামের সুশান্ত হালদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো একসময় পরিবারের সদস্যরা বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রজ্ঞাকে দেখতে পান। পরে খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী প্রজ্ঞা দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে যেতেন এবং মেজাজ খিটখিটে থাকত। মোবাইল ফোন ব্যবহারের প্রতিও তার আগ্রহ ছিল।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনার দিন তার বাবা মোবাইল ফোনটি লুকিয়ে রাখার পর সেটি খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের ওপর অভিমান থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার মরদেহ বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় চিতলমারী থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৬/২৬, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।