মুক্তমন রিপোর্ট : সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পোর আল-ইস এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পরপরই আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। সংস্থাটির অপারেশন বিভাগের প্রধান ফয়সাল মাহমুদ আলী জানান, একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধারে কিছুটা বিলম্ব হয়েছে।
আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা আরব নিউজকে বলেন, শেষ রাতের দিকে বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে ছাদে উঠে দূরে বড় ধরনের অগ্নিশিখা দেখতে পান তিনি।
তবে কী কারণে গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আলেপ্পোর গভর্নর আজম আল ঘারিব শহরের বাসিন্দাদের আপাতত ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে শহরের হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনায় বিস্ফোরণস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলেপ্পোর মেয়র।
সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিভিন্ন এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে। তবে এসব বিস্ফোরণের কারণ কী এবং এর জন্য কারা দায়ী, সে বিষয়ে প্রেসিডেন্ট আহমেদ শারার নেতৃত্বাধীন সরকার এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি।
Muktomon/TA