“মাদককে না বলি, ক্রীড়ার সাথেই থাকি” স্লোগানে এগিয়ে চলছে পঞ্চগড় মর্নিং সান ক্লাব


মুক্তমন রিপোর্ট : “মাদককে না বলি, ক্রীড়ার সাথেই থাকি” এই স্লোগানকে সামনে রেখে তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে পঞ্চগড় মর্নিং সান ক্লাব।
গভীর ঘুমে যখন শহরবাসী বিভোর, তখনই ভোরের আলো ফোটার আগেই পঞ্চগড় স্টেডিয়াম মাঠে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েন ক্লাবটির সদস্যরা। নিয়মিত শরীরচর্চা ও ফুটবল অনুশীলনের মাধ্যমে তারা শুধু নিজেদের ফিট রাখছেন না, বরং তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
পঞ্চগড় মর্নিং সান ক্লাব মূলত পঞ্চগড় জেলার অন্যতম পরিচিত ও ঐতিহ্যবাহী স্থানীয় ফুটবল দল। ক্লাবটি জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। বিশেষ করে পঞ্চগড় জেলা ফুটবল লিগ ও বিভিন্ন নকআউট ফুটবল প্রতিযোগিতায় দলটির সরব উপস্থিতি রয়েছে।
স্থানীয় তরুণ ও উদীয়মান ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং জেলা পর্যায়ে ফুটবলের মানোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ক্লাবটি। পাশাপাশি বিভিন্ন পেশার মানুষও এখানে শরীরচর্চা ও মানসিক প্রশান্তির জন্য একত্রিত হন।
ক্লাব সংশ্লিষ্টরা জানান, খেলাধুলার পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অংশ নিয়ে থাকেন। দলগত কাজ, শৃঙ্খলাবোধ ও সুস্থ বিনোদনের মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করাই তাদের মূল লক্ষ্য।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।



