রাজধানীর উত্তরখানে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু


রাজধানীর উত্তরখানে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম ফয়সাল আহমেদ শামীম (৩০)। তিনি ভবনটিতে ক্রেন পরিচালনার কাজ করতেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে উত্তরখানের চানপাড়া মেডিকেল রোডের বন্ধন সোসাইটিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কোনো ধরনের পর্যাপ্ত সেফটি ব্যবস্থা ছাড়াই ভবনটির নির্মাণকাজ চলছিল। কাজের সময় হঠাৎ করে ১০ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান ফয়সাল।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, ভবনের রুফ হোয়েস্ট বা ছোট ক্রেন দিয়ে মালপত্র তোলার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



