ক্যাম্পাসসারাদেশ

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে আন্দোলনের হুঁশিয়ারি

১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ বা কোটা সংরক্ষণের যেকোনো অপকৌশলের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।

রবিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রকৌশল সেক্টরে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমস্যা নিরসনে সরকার গঠিত কমিটির প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা এসব কথা বলেন। উল্লেখ্য, ওই কমিটি ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব দেয়।

মানববন্ধনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. আখেরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিনের সঞ্চালনায় নেতারা বলেন, এই প্রস্তাবনা সরকারের ১৯৭৮ সালের সিদ্ধান্তের পরিপন্থি এবং তা পরিহার করা না হলে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নেতৃবৃন্দ বলেন, প্রকৌশল পেশায় এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত পুরো কর্মক্ষেত্রে অস্থিতিশীলতা সৃষ্টি করবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করবে। একইসাথে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার যেকোনো অপচেষ্টা জাতি মেনে নেবে না বলেও মন্তব্য করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকৌশলী মো. মনিরুজ্জামান, কাজী সাখাওয়াত হোসেন, মির্জা মিজানুর রহমান, আবদুর রহমান, জয়নুল আবেদীন, মো. এরশাদ উল্ল্যাহ, আজিজুল ইসলাম, তরিকুল ইসলাম তরিক, বাচ্চু মিয়া, পারভেজ মোশাররফ রাঢ়ী, মমিনুল ইসলাম, রায়হান মিয়া, শিক্ষক নেতা প্রকৌশলী মো. আলমগীর হোসেনসহ ছাত্র ও পেশাজীবী নেতৃবৃন্দ।

একই দাবিতে দেশের প্রতিটি জেলা সদরেও একযোগে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button