আইন-অপরাধনির্বাচনরাজনীতি

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান: ২০ লাখ টাকার হেরোইন উদ্ধার

মুক্তমন রিপোর্ট : রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে জেনেভা ক্যাম্পের পলু কসাইয়ের গলির পশ্চিম পাশে জুবায়েরের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ আরিফ ওরফে চাপা আরিফ (৩২) নামে এক মাদক কারবারি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে একটি সাদা শপিং ব্যাগের ভেতর দুটি বড় প্লাস্টিক প্যাকেট উদ্ধার করা হয়। সেসব প্যাকেটের মধ্যে থাকা ১০০টি ছোট প্যাকেট থেকে মোট ১০ হাজার পুড়িয়া হেরোইন জব্দ করা হয়, যার ওজন প্রায় ১ হাজার ৫০০ গ্রাম। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

অভিযানটি পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশ-এর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল। এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ জসীম উদ্দিন বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button