অর্থ-বাণিজ্যসারাদেশ

২০ হাজার কিলোমিটার খাল খননে আন্তঃমন্ত্রণালয় সভা

মুক্তমন রিপোর্ট :দেশব্যাপী “নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন এমপি।

সভায় মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় খাল খনন কর্মসূচি দিয়ে বড় পরিবর্তন এনেছিলেন। দীর্ঘদিন খাল খনন না হওয়ায় সেচ ব্যবস্থায় ঘাটতি ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। তিনি জানান, জনগণের কল্যাণে বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী তিন দিনের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা জমা দেওয়ার আহ্বান জানান তিনি। টেকসই খনন কার্যক্রম, জীববৈচিত্র্য সংরক্ষণ, মানুষের জীবন-জীবিকা সুরক্ষা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন এবং ৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে। চলতি অর্থবছরসহ আগামী বছরগুলোর জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান তিনি।

আগামী পাঁচ বছরে নির্ধারিত ২০ হাজার কিলোমিটার খাল, পুকুর ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচি পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে বাস্তবায়ন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button