ফেনী রেলস্টেশনে উচ্ছেদ অভিযান: অবৈধ স্থাপনা গুঁড়িয়ে, ক্ষোভে ফুঁসছেন ক্ষতিগ্রস্তরা


মুক্তমন রিপোর্ট : ফেনী রেলস্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে অসংখ্য দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রেলওয়ের জায়গা দখলমুক্ত রাখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
তবে উচ্ছেদ অভিযানকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে সাধারণ মানুষের কাছে ভাড়া দিয়ে আসছিল।
ভুক্তভোগীরা জানান, এসব স্থাপনার জন্য তাদের কাছ থেকে আগাম অর্থ নেওয়া হয়েছিল এবং প্রতি মাসে মোটা অঙ্কের ভাড়া আদায় করা হতো। কিন্তু উচ্ছেদের সময় ওই চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
একাধিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, “যারা আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ আমরা যারা ভাড়াটিয়া, তারাই সব হারালাম।”
তারা আরও অভিযোগ করেন, আইনের প্রয়োগে বৈষম্য রয়েছে এবং প্রকৃত দখলদারদের আইনের আওতায় আনার দাবি জানান।



