সোনাগাজীতে লাইসেন্সবিহীন ডাকবাংলা ল্যাবে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা


মুক্তমন রিপোর্ট : সোনাগাজী উপজেলার ডাকবাংলা মোড়ে লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ নথিপত্রে ল্যাব ও ফার্মেসি পরিচালনার অভিযোগে ‘ডাকবাংলা ল্যাব’-এ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির কোনো বৈধ ফার্মেসি লাইসেন্স নেই এবং ল্যাব পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্সও নবায়ন করা হয়নি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম।
প্রশাসন জানায়, ভোক্তা সুরক্ষার স্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. ওবায়দুল হককে এই অর্থদণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



