পিআইও নূরনবীর গ্রেফতার ও ছাত্রনেতা মামুনের মুক্তির দাবিতে বিক্ষোভ


মুক্তমন রিপোর্ট : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পিআইও কর্মকর্তা নূরনবী সরকারের গ্রেফতার এবং ছাত্রনেতা মামুনুর রশীদ মামুনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান।
সমাবেশে নাজমুল হাসান অভিযোগ করেন, পিআইও কর্মকর্তা নূরনবী সরকারের বিরুদ্ধে দুর্নীতি, ভুয়া ভাউচার তৈরি এবং প্রকল্প বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাতসহ একাধিক অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং এসব অনিয়মের প্রতিবাদ করায় ছাত্রনেতা মামুনুর রশীদ মামুনকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক অবস্থা বিরাজ করছে। অনিয়মের বিরুদ্ধে কথা বললে শিক্ষার্থীদের হয়রানির শিকার হতে হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।
সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নূরনবী সরকারকে প্রত্যাহার ও বিচারের আওতায় আনা এবং ৪৮ ঘণ্টার মধ্যে মামুনুর রশীদ মামুনের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হাসিব মল্লিকের সভাপতিত্বে এবং উত্তরের সাধারণ সম্পাদক নাহিদ আলমের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।



