জাতীয়

ঢামেকের সামনে ফুটপাতে ফিরল নান্দনিকতা, ফুল ও গ্রাফিতিতে সাজালো ডিএসসিসি

মুক্তমন ডেস্ক: দীর্ঘদিনের অবৈধ দখল, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ থেকে মুক্ত হয়ে নতুন রূপে সাজানো হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত। এখন সেখানে সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ এবং দেয়ালজুড়ে নান্দনিক গ্রাফিতি শোভা পাচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ দখলমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মানসিক স্বস্তির কথা বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ফুটপাতে যত্রতত্র ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। তবে হকার ও রিকশাচালকদের পুনর্বাসনের লক্ষ্যে সিটি কর্পোরেশন মানবিক পদক্ষেপ গ্রহণ করছে। লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট সময় ও স্থানে হকারদের বসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ‘হলিডে মার্কেট’ ও ‘নৈশকালীন মার্কেট’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই পাইলট প্রকল্পের আওতায় University of Dhaka-এর মোকাররম ভবন থেকে চানখাঁরপুল পর্যন্ত প্রায় ১৩৫০ ফুট এলাকা জুড়ে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এছাড়া ৫৫০টি ফুলের টব ও ৬৫০টি গাছ লাগানো হয়েছে এবং অপেক্ষমান স্বজনদের জন্য ৫০টি বসার আসন স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার জানান, এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। জনগণের সহযোগিতা পেলে পর্যায়ক্রমে নগরীর অন্যান্য ব্যস্ত ফুটপাতেও একই ধরনের সৌন্দর্যবর্ধন কাজ করা হবে।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button