আইন-অপরাধ

সোনামসজিদে বিজিবির অভিযানে মাদক ও গাড়িসহ আটক ১

মুক্তমন রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ, একটি বিলাসবহুল প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। পৃথক দুটি অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মোট ৫৭৭ বোতল ‘Eskuf DX’ সিরাপ জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপ্রিল ২০২৬ তারিখ রাতের প্রথম প্রহরে সোনামসজিদ বিওপির টহলদল অভিযান দুটি পরিচালনা করে।

সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পিরোজপুর গ্রামস্থ মক্কা স্কেলের সামনে কৌশলগত অবস্থান নেয় বিজিবি। এ সময় একটি ACCORD (২৩৫০ সিসি) প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ২৮ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬) নামের এক যুবককে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

একই সময়ে অপর একটি টহল দল বালিয়াদিঘী গ্রামস্থ গণকবর সংলগ্ন দীঘির পাড় এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে গেলেও সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৫৪৯ বোতল ‘Eskuf DX’ সিরাপ উদ্ধার করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামি, জব্দকৃত মাদকদ্রব্য এবং প্রাইভেটকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, “দেশের যুবসমাজ ও আগামী প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে আমাদের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ১৩ জন আসামিসহ প্রায় ৪,৫০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন নেশাজাতীয় সিরাপ জব্দ করতে সক্ষম হয়েছে।

প্রতিবেদন: ফরহাদ ইসলাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button