ফেনীতে যৌথ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক


ফেনী প্রতিনিধি ফেনী সদর উপজেলার লালপোল বেদে পল্লী এলাকায় যৌথ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. জুয়েল (২২) নামে এক যুবককে আটক করেছে প্রশাসন।
গতকাল বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা এবং সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও পুলিশ সদস্যরা অংশ নেন।
আটক জুয়েল স্থানীয় বেদে পল্লীর বাসিন্দা ও মো. সুজার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বেচাকেনা চললেও অভিযানে বড় কোনো চালান বা শীর্ষ মাদক কারবারিকে আটক করা যায়নি। তাদের দাবি, অভিযানের তথ্য আগেই ফাঁস হওয়ায় মূল কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



