সারাদেশ

গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খানের ইন্তেকাল

মুক্তমন রিপোর্ট : গাজীপুরের বর্ষীয়ান সাংবাদিক ও গাছা প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ক্যানসার, লিভার ও কিডনি জটিলতায় ভুগে শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে গাজীপুরের সাংবাদিক সমাজ, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বোর্ড বাজার এলাকার এই কৃতি সন্তানের বিদায়ে সৃষ্টি হয়েছে অপূরণীয় শূন্যতা।

সুদীর্ঘ সাংবাদিকতা জীবনে আব্দুল হামিদ খান নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তিনি বিজয় টেলিভিশনের আলোচিত অনুষ্ঠান ‘ক্রাইম সার্চ’ এবং এশিয়ান টেলিভিশনের ‘এশিয়ান ক্রাইম সার্চ’-এর মাধ্যমে দেশব্যাপী পরিচিতি লাভ করেন।

এছাড়া দৈনিক অগ্নিশিখা, দৈনিক একুশের বাণী ও ডেইলি প্রেজেন্ট টাইমসসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সাংবাদিকদের অধিকার আদায় ও পেশাগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি গাছা থানা প্রেসক্লাবের তিনবারের সাধারণ সম্পাদক ছিলেন এবং সর্বশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, অমায়িক আচরণ ও সাংবাদিকবান্ধব কর্মকাণ্ড সহকর্মীদের কাছে তাঁকে অত্যন্ত শ্রদ্ধাভাজন করে তুলেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button