রাজনীতি

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চলবে: শ্রমিক মজলিস

মুক্তমন ডেস্ক : খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হলেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শ্রমিক মজলিসের ‘ন্যাশনাল লেবার রিপ্রেজেন্টেটিভ কনভেনশন ২০২৬’-এ উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষ এখনও তাদের পূর্ণাঙ্গ অধিকার থেকে বঞ্চিত। অথচ শ্রমিক ও মালিকপক্ষের পারস্পরিক সুসম্পর্ক এবং বোঝাপড়া একটি প্রতিষ্ঠানকে অর্থনৈতিকভাবে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, প্রত্যেক শ্রমিক তার শ্রম অনুযায়ী ন্যায্য মজুরি পাওয়ার অধিকার রাখে। নিরাপদ কর্মপরিবেশ, নির্ধারিত কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটি, অতিরিক্ত কাজের ওভারটাইম, মাতৃত্বকালীন ছুটি ও চিকিৎসাসহ শ্রমিকের মৌলিক অধিকার নিশ্চিত করা মালিকপক্ষের দায়িত্ব।

তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতিতে শ্রমিকের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধের নির্দেশনা ইসলাম দিয়েছে। একইসঙ্গে শ্রমিকের প্রতি মানবিক আচরণ, বিশ্রাম ও ইবাদতের সুযোগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করতে হবে এবং আসন্ন কুরবানির ঈদের আগেই শ্রমিকদের সব বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সাবেক শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক আন্দোলন, শ্রমিক অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কনভেনশনে ৭ দফা প্রস্তাব উত্থাপন করা হয়। পরে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পল্টন মোড় হয়ে বায়তুল মুকাররম উত্তর গেটে গিয়ে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button