খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: ত্রাণমন্ত্রী দুলু


শাহারাস্তি (চাঁদপুর) প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।
শুক্রবার বিকেলে চাঁদপুরের শাহারাস্তিতে ‘খোর্দ’ খাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, খালের পানি ব্যবহার করে সেচসুবিধা নিশ্চিত করা, পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা, খালপাড়ে বৃক্ষরোপণ এবং খালে মাছ চাষের উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে তিনি চাঁদপুর সফরে আসছেন।
এ সময় চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হক, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



