সারাদেশ

গাইবান্ধায় মাদকের আগ্রাসন: প্রকাশ্যে বিক্রি, প্রশাসনের নীরবতায় ক্ষোভে মানববন্ধন

মুক্তমন রিপোর্ট : গাইবান্ধা জেলা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর (গিরিংগির) মোড় এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকাটি এখন প্রকাশ্যেই মাদক বিক্রির উন্মুক্ত বাজারে পরিণত হয়েছে। মাদকসেবীদের অবাধ আনাগোনা এবং প্রশাসনের রহস্যজনক নীরবতায় সামাজিক অবক্ষয়ের আশঙ্কা ক্রমেই বাড়ছে।

এই পরিস্থিতির প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দিনের আলোতেই প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো অভিযান বা কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

স্থানীয়দের ভাষ্য, শুধু গিরিংগির মোড় নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মাদকসেবীরা এখানে এসে জড়ো হয়। ফলে এলাকাটি এখন মাদকসেবীদের নিরাপদ আড্ডাখানায় পরিণত হয়েছে। এতে উঠতি বয়সী যুবক-যুবতী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

একজন শিক্ষক মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমাদের ছাত্ররা প্রতিদিন এই ভয়াবহ দৃশ্য দেখে বড় হচ্ছে। এটি শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের ষড়যন্ত্র।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং রহস্যজনক কারণে অভিযোগগুলো উপেক্ষিত থেকে যাচ্ছে বলেও দাবি করেন তারা।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং মাদকচক্র নির্মূল না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সচেতন মহলের মতে, প্রশাসনের নিষ্ক্রিয়তা মাদক ব্যবসায়ীদের আরও বেপরোয়া করে তুলছে। এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে গাইবান্ধার এই অঞ্চল সামাজিক অবক্ষয়ের গভীর সংকটে নিমজ্জিত হতে পারে।

মানববন্ধন থেকে এলাকাবাসী কয়েকটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—প্রকাশ্যে মাদক বিক্রির বিরুদ্ধে অবিলম্বে অভিযান পরিচালনা, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার, এলাকাকে মাদকমুক্ত ঘোষণা এবং নিয়মিত আইনশৃঙ্খলা তদারকি নিশ্চিত করা।

স্থানীয়দের মতে, রঘুনাথপুর (গিরিংগির) মোড়ের এই চিত্র কেবল একটি এলাকার নয়; এটি পুরো সমাজের জন্য অশনি সংকেত। এখন দেখার বিষয়, প্রশাসন এই জনদাবির প্রতি কতটা দ্রুত ও কার্যকর সাড়া দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button