সারাদেশ

মহানন্দা সেতুর টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৮ মে) সকাল ৯টায় “চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি”-র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও ভোগান্তি সৃষ্টি হওয়ায় এ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল আলম মোল্লা, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, সিএনজি সমিতির সভাপতি মোঃ আসগার আলী, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিকস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ ও হাদিদুল মোবিন হাদি প্রমুখ।

আন্দোলনকারীরা মহানন্দা সেতুর পাশের সড়ক ভবনের সামনে সমবেত হয়ে টোল আদায় বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সেতুটি এই অঞ্চলের মানুষের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনস্বার্থে অবিলম্বে টোল ব্যবস্থা বাতিল করা উচিত।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে টোল আদায়ের কারণে স্থানীয় জনগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং পরিবহন খরচও বেড়ে যাচ্ছে। এ অবস্থায় সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত করা সময়ের দাবি।

কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button