সারাদেশ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরণকারী জেলে নিহত

সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বনবিভাগের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলের নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমিনুর রহমান গাজী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুর রহমানসহ চারজন জেলে গত ১৩ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে বৈধ পাস নিয়ে কাঁকড়া আহরণের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার সকালে তারা নলিয়ান স্টেশনের পাটকোস্টা এলাকায় কাঁকড়া আহরণ করছিলেন।

নিহতের সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজানের বরাত দিয়ে স্থানীয়রা জানান, এসময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিম তাদের থামার সংকেত দেয়। তবে নির্দেশনা মানতে কিছুটা বিলম্ব হওয়ায় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ করা হয়। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে দুপুর দেড়টার দিকে সহকর্মীরা তার মরদেহ নিয়ে লোকালয়ে ফিরে আসেন।

এ বিষয়ে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, ঘটনাটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে তাদের কাছে কোনো তথ্য পৌঁছেনি।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, “বনবিভাগের গুলিতে একজন জেলের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিভাগীয় বন কর্মকর্তাকে (ডিএফও) জানানো হয়েছে। মরদেহ নিয়ে পরবর্তী করণীয় বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।”

এদিকে এ ঘটনার পর স্থানীয় জেলেদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ জেলে ও স্থানীয় বাসিন্দারা বনবিভাগের কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button