হুথিদের অবস্থানে বিমান হামলা

ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলার প্রতীকী ছবি।
ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলার প্রতীকী ছবি।

মুক্তমন রিপোর্ট : ইয়েমেনের তাইজ প্রদেশে হুথি বিদ্রোহীদের অবস্থান ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে তিন ঘণ্টায় ২০টি বিমান হামলা চালানোর দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী।

শুক্রবার (২ অক্টোবর) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

সামরিক বাহিনীর মুখপাত্রের দাবি, হুথিদের গতিবিধি, রসদ, সামরিক সমাবেশ, সদস্য, যানবাহন ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। হামলায় নির্ধারিত লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার পাশাপাশি হুথি সদস্য ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানী সানা, সা’দা ও তাইজে হুথিদের কয়েকটি অবস্থানে হামলার কথা জানিয়েছিল ইয়েমেনি বাহিনী। তাদের দাবি অনুযায়ী, সানায় একটি ‘উচ্চমূল্যের লক্ষ্যবস্তু’ এবং সা’দায় ১১টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। তাইজে হুথিদের একটি সমন্বিত সামরিক ব্যবস্থার ওপরও একাধিক বিমান হামলা চালানোর কথা জানায় সেনাবাহিনী।

ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার মধ্যে এসব হামলার ঘটনা ঘটল। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর কয়েক বছর তুলনামূলকভাবে সংঘাত কম থাকলেও সম্প্রতি তাইজসহ বিভিন্ন এলাকায় লড়াই ফের বেড়েছে।

এর আগে সৌদি আরবের মদিনায় একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ ওঠে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ২৯ সেপ্টেম্বর তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হুথিদের ড্রোন হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে যায়। তবে এতে সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানায় জোটটি। ওই কেন্দ্র থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয় বলেও দাবি করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের দায়ী করলেও হুথিরা এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের পক্ষ থেকে সৌদি আরবের এ দাবিকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করা হয়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ প্রদেশে নতুন করে সংঘাত বাড়ায় আঞ্চলিক নিরাপত্তা ও লোহিত সাগরের নৌ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক লড়াইয়ে মানুষের বাস্তুচ্যুতি এবং ইয়েমেনের মানবিক পরিস্থিতির আরও অবনতির আশঙ্কাও দেখা দিয়েছে।

Muktomon/TA